রোববার সকাল ১০টায় মণিরামপুর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ বিভিন্ন এলাকার মৎস্যচাষি ও ঘের ব্যবসায়ীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ জন্য মৎস্যচাষিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় সহযোগিতা এবং মাছ চাষে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষ হয়।
