সোনারবাংলা স্পোর্টিং ক্লাবের ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মামুনুর রশিদ খান
মণিরামপুর যশোর প্রতিনিধি
‘খেলার মাঠে আসুন, মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে দেলুয়াবাড়ী সোনারবাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শয়লাহাট ফুটবল একাদশ ও মথুরাপুর ফুটবল একাদশ। উদ্বোধনকে ঘিরে খেলোয়াড়, দর্শক ও ক্রীড়ানুরাগীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ওলিয়ার রহমান, সাবেক আহ্বায়ক, মণিরামপুর উপজেলা ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহাররঞ্জন রায়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও সমাজসেবক জি এম মুন্না আজিজ।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাও এই আয়োজনের লক্ষ্য।
