রাণীশংকৈলে জুয়ার আসরে অভিযান, তাস ও নগদ টাকাসহ আটক ৭
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৩২ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন স্থান এবং পার্শ্ববর্তী এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে অর্থের বিনিময়ে জুয়া খেলছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পাওয়ার পরও ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তাস এবং নগদ ৩২ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন—বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে অলিম হোসেন (৪৭), রংপুরের গংগাচড়া উপজেলার পাইকন গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আব্দুল আউয়াল (৪৮), বাঁশবাড়ী গ্রামের মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে রতন কুমার রায় (৩৭), উজধাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. হান্নান (৪৫), বগুড়াপাড়া বলিদ্বারা গ্রামের মৃত সাখাওয়াত মোল্লার ছেলে মো. আফছার (৫৫), বলিদ্বারা গ্রামের মৃত মিনাজ শেখের ছেলে মো. উজ্জ্বল (৬৪) এবং রাণীশংকৈল উপজেলার মৃত রইচ উদ্দিনের ছেলে মো. আব্দুল জব্বার (৫৫)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক সাতজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, জুয়া ও মাদকের মতো অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।
