মামুনুর রশিদ খান
মনিরামপুর যশোর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরের মনিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে মনিরামপুর উপজেলা জামায়াতের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মনিরামপুর বাজারের গরুহাটখোলা মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিরামপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক।সভাপতির বক্তব্যে অধ্যাপক ফজলুল হক জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরে বলেন, “জুলাই একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের মাধ্যমে অর্জিত হয়েছে। এই জুলাই নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “এই প্রজন্ম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখেনি। তবে ২০২৪ সালের ছাত্র-জনতা খালি হাতে বুক চিতিয়ে একটি অসম যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে এবং স্বৈরশাসককে পালিয়ে যেতে বাধ্য করেছে। ১৯৭১ সালে উভয় পক্ষ সশস্ত্র অবস্থায় যুদ্ধ করেছিল। কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের অসম লড়াই।”
অধ্যাপক ফজলুল হক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জুলাই নিয়ে ছিনিমিনি না খেলে অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম হোসেন, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি হাদিউজ্জামানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
