সরকারি রাজস্ব ফাকি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর ২০ লাখ টাকা চাদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।প্রতিবেদন প্রকাশের জেরে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে দাবি করেছে পত্রিকাটির পক্ষ। তাদের অভিযোগ, গাজীপুরের হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাকি ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিশোধমূলকভাবে দুই সম্পাদকের বিরুদ্ধে চাদাবাজির মামলা করা হয়। তবে মামলার অভিযোগ ও এর পেছনের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির পক্ষ থেকে দুই সম্পাদকের পক্ষে আদালতে আইনি লড়াই পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান ও অ্যাডভোকেট মশিউর রহমান।এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি প্রশ্ন তোলেন, যথাযথ তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কতটা আইনসঙ্গত। তার ভাষ্য, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান দাবি করেন, অনুসন্ধানী সাংবাদিকতা ও দুর্নীতির তথ্য প্রকাশ বন্ধ করতেই তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব এবং মামলা বা হুমকি দিয়ে সেই দায়িত্ব থেকে তাদের বিরত রাখা যাবে না।

