
ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাণীশংকৈলে শোকের ছায়া, নিহত রেজুয়ান সপ্তম শ্রেণির শিক্ষার্থী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রবল ঝড়ের সময় ঘরের দেয়াল ধসে পড়ে রেজুয়ান ইসলাম (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ের সময় রেজুয়ান নিজ বাড়ির ভেতরে অবস্থান করছিল। এ সময় ঘরের একটি দেয়াল হঠাৎ ভেঙে তার ওপর পড়ে যায়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
নিহত রেজুয়ান ইসলাম উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। রেজুয়ানের অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।


















আপনার মতামত লিখুন :