দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে স্বপ্না আক্তার (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত স্বপ্না প্রবাসী মো. শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পড়াশোনা ও স্কুলে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে স্বপ্নার মতবিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকাল সাড় নয়টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
