জাইমা রহমানকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ানোর অভিযোগ; যাচাই ছাড়াই ছাত্রদলের মামলায় গ্রেপ্তার সিয়াম
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিদুল ইসলাম সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে। অনুসন্ধানী সংবাদমাধ্যম ও ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’-এর এক তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিয়ামের বিরুদ্ধে প্রচারিত স্ক্রিনশট ও ভিডিও প্রযুক্তিগত কারসাজির মাধ্যমে তৈরি করা ভুয়া কনটেন্ট ছিল, যা যাচাই ছাড়াই অভিযোগের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।
সিয়াম আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত রবিবার রাতে জেলার সদর উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন দুপুর পর্যন্ত তিনি আখাউড়া থানা হাজতে ছিলেন।
জানা যায়, গত ২০ জুন আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। অভিযোগের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরবর্তীতে পুলিশ সিয়ামকে আটক করে।
এদিকে অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’ তাদের প্রকাশিত প্রতিবেদনে দাবি করে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া স্ক্রিনশট ও ভিডিওর সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্রাউজারের ‘ইন্সপেক্ট এলিমেন্ট’ সুবিধা ব্যবহার করে ফেসবুক পোস্টের তথ্য পরিবর্তন করে সিয়ামের নামে কুরুচিপূর্ণ মন্তব্য দেখিয়ে ভুয়া স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ডিং তৈরি করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ জুন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনে যান ব্যারিস্টার জাইমা রহমান। ওইদিন রাত ৯টা ৫৩ মিনিটে তিনি ১৫টি ছবি সংযুক্ত করে একটি ফেসবুক পোস্ট প্রকাশ করেন। পোস্টের একটি ছবিতে তাকে ফুটবল মাঠে শট নিতে দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার প্রশংসা করেন।
এর তিনদিন পর, ২০ জুন বিকেল ৫টা ৭ মিনিটে ‘Ryan Draper’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। স্ক্রিনশটটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী তা শেয়ার করে অভিযুক্তের বিচারের দাবি জানান।
সিয়ামের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তিনি এমন কোনো পোস্ট বা মন্তব্য করেননি এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনার নিরপেক্ষ ডিজিটাল ফরেনসিক তদন্তের দাবি জানিয়েছেন।
তবে সিয়ামের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার বিরুদ্ধে প্রচারিত কনটেন্টের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
