ডেস্ক—
নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার সকালে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মজিবুর রহমান।
নিহতরা হলেন— উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম (৫০), একই ইউনিয়নের মনিরুল (২৮) ও বাবুল (৩৫)।
আহতদের মধ্যে রয়েছেন— মিঠুন সাহা (৩৫), মজনু (৪০), রাজিব (৩৫) এবং ইজিবাইকের চালক রাব্বি (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইজিবাইকটি লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪
