কেশবপুরে এমপি মোক্তার আলীর মায়ের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
উপশিরোনাম:
নারায়ণপুরে মাগরিবের নামাজের পর জানাজা অনুষ্ঠিত, সর্বস্তরের মানুষের ঢল
আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমির অধ্যাপক মোক্তার আলীর শ্রদ্ধেয় মাতা রহিমা বেগম (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী লোকমান হাকিম মোড়ল পূর্বে ২০০২ সালে ইন্তেকাল করেন।
মরহুমার জানাজার নামাজ একই দিন মাগরিবের নামাজের পর নিজ গ্রাম কায়েমখোলা, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন যশোর-৬ (কেশবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুস সামাদ, অ্যাডভোকেট ওজিয়ার রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক খুলনা মহানগর সভাপতি ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাঈদুর রহমান সাঈদসহ থানা ও ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজার আগে ও পরে এলাকাবাসী মরহুমার জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, তিনি একজন সৎ, পরহেজগার ও মমতাময়ী নারী ছিলেন। পারিবারিক ও সামাজিক জীবনে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মৃত্যুতে কেশবপুর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমার গ্রামের বাড়ি কায়েমখোলা, নারায়ণপুর, ৮ নম্বর সুফলাকাঠি ইউনিয়ন, কেশবপুর, যশোর।
আল্লাহ তাআলা মরহুমা রহিমা বেগমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর কবরকে প্রশান্তি ও নূরে ভরিয়ে দিন, কবরের আজাব থেকে রক্ষা করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
