
আবদুল্লাহ আল মাহমুদ
পাবিপ্রবি প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বর্ণিল ও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘ঘুড়ি উৎসব’-এ প্রায় ৩০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বিকেল ৩টায় শুরু হওয়া এ আয়োজনে ক্লাস শেষে শিক্ষার্থীরা ভিড় জমান ক্যাম্পাসের উন্মুক্ত প্রাঙ্গণে। রঙিন ঘুড়ির উড়াউড়িতে আকাশজুড়ে তৈরি হয় এক নান্দনিক দৃশ্য, যা নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীকী বহিঃপ্রকাশ হিসেবে ধরা দেয়। প্রযুক্তিনির্ভর ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন শিক্ষার্থীদের মনে এনে দেয় স্বস্তি ও নির্মল আনন্দের ছোঁয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক রুমেল হোসেন, দপ্তর সম্পাদক ইনজামুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার চাপের মধ্যেও আনন্দ, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের চর্চা জাগিয়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এ ধরনের আয়োজন ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ গড়ে তোলে এবং শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।
ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী বলেন, “এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ভিন্নধর্মী আনন্দের অভিজ্ঞতা। আমরা চাই, দল-মত নির্বিশেষে এমন আয়োজন আরও বেশি হোক।”আরেক শিক্ষার্থী জানান, “ছোটবেলার ঘুড়ি ওড়ানোর স্মৃতি যেন আবার ফিরে পেলাম। এই আয়োজন আমাদের শৈশবকে নতুন করে মনে করিয়ে দিয়েছে।”
সব মিলিয়ে, রঙিন ঘুড়ি আর শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পাবিপ্রবির ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩৩।


















আপনার মতামত লিখুন :