ঢাকা সংযোগ

​৩ মাসেই বিধ্বস্ত কোটি টাকার বাঁধ: কুলাউড়ায় হুমকিতে নওয়াগাঁও-অলিপুর সড়ক

শেয়ার করুন

মো: রিপন আহমদ,(কুলাউড়া) মৌলভীবাজার প্রতিনিধি

​মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফানাই নদের ভাঙন রোধে নির্মিত প্রতিরক্ষা বাঁধ ও নতুন পাকা সড়ক উদ্বোধনের তিন মাস যেতে না যেতেই ধসে পড়েছে। প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের সিসি ব্লক ঠিকাদারের কাজের প্রতি অবহেলার কারণে নদে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন এখন হতাশায় রূপ নিয়েছে।

​এলজিইডি সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩–এর আওতায় বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক থেকে নওয়াগাঁও-অলিপুর পর্যন্ত ১,১০০ মিটার কাঁচা সড়ক পাকাকরণের কাজ পায় স্থানীয় ঠিকাদার আব্দুল লতিফ। প্রকল্পের অংশ হিসেবে অলিপুর এলাকায় নদের ভাঙনপ্রবণ ৫৫ মিটার জায়গায় সিসি ব্লক স্থাপন করা হয়।

​রোববার সরেজমিনে দেখা যায়, বাঁধের ব্লক ধসে পড়ার পর ওই স্থানের মাটি নদে দেবে যাচ্ছে। এতে নতুন নির্মিত পাকা সড়কটি এখন চরম ঝুঁকির মুখে।

স্থানীয় বাসিন্দারা জানান, “দীর্ঘ বছর অবহেলার পর এই রাস্তাটি হয়েছিল। কিন্তু নিম্নমানের কাজ বা পরিকল্পনার অভাবে ৩ মাসেই সব শেষ হতে চলেছে। দ্রুত মেরামত না করলে বর্ষায় আমাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।”

​ঠিকাদার আব্দুল লতিফ জানান, নকশা অনুযায়ী ৩ ফুট উচ্চতার দেয়াল দিয়ে সিসি ব্লক বসানো হয়েছিল। কিন্তু নদের ওই অংশে গভীরতা ১০ ফুটের বেশি হওয়ায় নিচ থেকে মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে। বর্তমানে নদের বিপরীত পাশের চর কেটে পানির চাপ কমানোর চেষ্টা চলছে।

​কুলাউড়া উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জানান, “ঠিকাদারের জামানতের টাকা এখনো আমাদের কাছে জমা আছে। তাকে দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানটি মেরামতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সেখানে স্থায়ী সমাধানের জন্য একটি উঁচু প্রতিরক্ষা দেয়াল নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।”

দ্রুততম সময়ের মধ্যে সড়ক ও বাঁধের কাজ পুনর্নির্মাণ এবং কাজের মান পুনঃনিরীক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *