সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলো ৭ হাজার শিক্ষার্থী
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলায় অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬। আজ ৩০ অক্টোবর, রোজ শুক্রবার জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা একযোগে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত এবারের মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশ নেয়। স্কুল ও মাদরাসার ৪র্থ শ্রেণি থেকে শুরু করে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সুনামগঞ্জ জেলার সর্বমোট ১৭টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।
পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল মুমিন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিম এবং সাবেক উপদেষ্টা এমদাদুল হক সাইদসহ স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ। পরিদর্শনকালে অতিথিরা প্রতিটি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন।
সরেজমিনে কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, নিয়মিত এমন একটি বৃহৎ মেধা যাচাইমূলক পরীক্ষায় অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরাও। উপস্থিত কয়েকজন অভিভাবক জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তারা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে প্রতি বছরই এই ধরনের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।
এবারের প্রতিযোগিতায় মেধা তালিকায় স্থান করে নেওয়া কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশের স্বীকৃতিস্বরূপ সর্বমোট ৫ লক্ষ টাকার মেধাবৃত্তি ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
