নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ডা. ইউসুফ আলী।
জেলা প্রতিনিধি : মীর রাফি
আজ ২০ অক্টোবর মঙ্গলবার ভোর ৫টায় নাটোরের বনপাড়ায় নাটোর পাবনা-মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন নাটোর জেলা পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি ডা. ইউসুফ আলী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, নাটোরের বনপাড়ায় নাটোর পাবনা-মহাসড়কে আজ মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ তা’য়ালার নিকট নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
ডা. ইউসুফ বলেন, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এমন ক্ষয়ক্ষতির ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকেরা যাতে গাড়ি চালাতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করাসহ সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
