সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ৭৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিনটি জাহাজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ও আজ বুধবার (১৫ এপ্রিল) জাহাজ তিনটি বন্দরে এসে পৌঁছায়।
এর মধ্যে রয়েছে ১১ হাজার টন জেট ফুয়েল এবং ৬৬ হাজার টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ইতোমধ্যে জাহাজগুলো থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে।
বিপিসি জানিয়েছে, ‘এমটি গ্রেট প্রিন্সেস’ সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল, ‘এমটি লুসিয়া সোলিস’ মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল এবং ‘এমটি টর্ম দামিনি’ মালয়েশিয়া থেকে ৩২ হাজার টন ডিজেল নিয়ে এসেছে।
বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি মঙ্গলবার সকাল ৮টা থেকেই ডলফিন জেটি ৬-এ অবস্থান করছে এবং জেট ফুয়েল খালাস করছে। মালয়েশিয়া থেকে আসা এমটি লুসিয়া সোলিস জাহাজটি গত ৯ এপ্রিল যাত্রা শুরু করে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বর্তমানে এটি থেকে লাইটারেজের মাধ্যমে ডিজেল খালাস করা হচ্ছে। এ ছাড়া ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটিও মালয়েশিয়া থেকে ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে অবস্থান করছে। আজ বুধবার জাহাজটি মূল জেটিতে ভেড়ে।
এই আমদানির ফলে দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী হবে এবং বিমান চলাচলসহ অভ্যন্তরীণ চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিপিসি।
