দ্রুত জামিনে মুক্তির অপেক্ষায় ‘কালা শওকত’, উঠছে প্রশ্ন
খুলনার আলোচিত যুবলীগ নেতা শওকত হোসেন ওরফে কালা শওকত গ্রেপ্তারের মাত্র ১০ দিনের মধ্যেই সব মামলায় জামিন পেয়েছেন। গত ৫ মার্চ ঢাকায় গ্রেপ্তারের পর তাকে খুলনা কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেন।
তবে জামিন পেলেও এখনো মুক্তি পাননি শওকত। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক বিলম্ব ও সরকারি ছুটির কারণে তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
শওকত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিসহ একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ অবস্থায় অল্প সময়ের মধ্যে সব মামলায় জামিন পাওয়ায় জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জামিন দেওয়া সম্পূর্ণ আদালতের বিষয়। প্রতিটি মামলার প্রেক্ষাপট ও প্রমাণের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ গুরুতর হলেও আদালত যদি জামিনযোগ্য মনে করেন, তাহলে আইন অনুযায়ী জামিন দেওয়া সম্ভব। তবে দ্রুত জামিন পাওয়া নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, সেটিও অস্বাভাবিক নয়।
এদিকে, সব প্রক্রিয়া সম্পন্ন হলে শিগগিরই কারামুক্ত হতে পারেন শওকত হোসেন ওরফে কালা শওকত।
দ্রুত জামিনে মুক্তি ‘কালা শওকতের’, উঠছে প্রশ্ন
