ঢাকা সংযোগ

কেশবপুরে ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মে স্বাস্থ্য বিভাগের আল্টিমেটাম

শেয়ার করুন

আলী হামজা
কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলায় লাইসেন্সবিহীন ও অব্যবস্থাপনায় পরিচালিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি ২২টি প্রতিষ্ঠানের নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ত্রুটি সংশোধনের জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ২২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র ও হালনাগাদ লাইসেন্স নেই।

অভিযোগ রয়েছে, অনেক প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের রেজিস্ট্রেশন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেহেনেওয়াজ এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ ক্লিনিকে প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান নেই, ডিউটি চিকিৎসক অনুপস্থিত এবং অনেক ক্ষেত্রে চিকিৎসকের স্বাক্ষর ছাড়া রিপোর্ট প্রদান করা হচ্ছে। এছাড়া সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বছরের পর বছর লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেছে।

এ প্রেক্ষিতে ডা. মোঃ রেহেনেওয়াজ স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, অনিয়মগুলো দ্রুত সংশোধন করতে হবে। নির্দেশনায় পর্যাপ্ত টেকনিশিয়ান নিয়োগ, সার্বক্ষণিক চিকিৎসক নিশ্চিতকরণ এবং বৈধ লাইসেন্স প্রদর্শনের বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, এ সংক্রান্ত নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং যশোরের সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে প্রতারিত ও স্বাস্থ্যঝুঁকিতে ছিল। কঠোর তদারকির মাধ্যমে এ খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *