জবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। অন্যদিকে তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে ছড়ানো কুরুচিপূর্ণ ছবির বিপরীতে বিক্ষোভ মিছিল জবি ছাত্রদল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১ টা ৪৫ মিনিটে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘ডাকসু নেতৃবৃন্দ আহত কেন, তারেক রহমান জবাব দে’, ‘শিক্ষা সন্ত্রাস,একসাথে চলেনা’, ‘ছাত্রদলের সন্ত্রাস,রুখে দাও ছাত্রসমাজ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা’ ইত্যাদি স্লোগান দেন।
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, নব্য ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। এই নব্য ফ্যাসিস্ট স্বৈরাচারকে বলে দিতে চাই আপনারা হাসিনার কাছ থেকে শিখুন, না হলে পালানোর রাস্তাও আপনারা পাবেন না। সে তো ইন্ডিয়ায় জায়গা পেয়েছে, আপনারা কোথায় জায়গা নিবেন? আমরা জানি জুলাইয়ে তার কী অবদান ছিল। নব্য ফ্যাসিস্ট হয়ে চাঁদাবাজ, দখলবাজ, টয়লেট দখলকারী, ডিএসসি দখলকারী, বাংলাবাজার দখলকারীসহ যতগুলো বাস সমিতি থেকে শুরু আছে, যারা টেম্পো স্ট্যান্ড দখল করার চেষ্টা করতেছে, তারাই আজকে নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে।
জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ডাকসু নেতৃবৃন্দেরর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকার ও তার সন্ত্রাসী বাহিনী ছাত্রদলকে বলতে চাই,আপনারা সোজা হয়ে যান নাহলে জনগণ ও শিক্ষার্থীরা আপনাদেরকে উচিত জবাব দিবে। আপনারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করবেন, আমরা আপনাদের সরকারকে অস্থিতিশীল করে দিবো। তাই সাধু সাবধান। সময় থাকতে সোজা হয়ে যান।
এদিকে রাত ৮ টার দিকে ক্যাম্পাসে তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে ছড়ানো কুরুচিপূর্ণ ছবি ও মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এসময় তারা বিক্ষোভ মিছিলে শিবিরকে উদ্দেশ্য করে গুপ্ত রাজনীতি বন্ধেরও দাবি জানান।
বিক্ষোভ মিছিলে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, গুপ্ত রাজনীতি বাংলাদেশে ভয়ংকর হয়ে উঠেছে। তারা দেশের শত্রু, জাতির শত্রু। এদের মতো গুপ্তদের রাজনীতি করার কোন অধিকার নেই।
এসময় ছাত্র দলের বিক্ষোভ মিছিলে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন সহ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মাহমুদুল হাসানসহ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
