ঢাকা সংযোগ

কেশবপুরে মেয়ের হাতে খুন হলেন মা

শেয়ার করুন

আলী হামজা
কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে মেয়ের হাতে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মেয়েকে আটক করেছে।

নিহত গৌরী রানী (৭৫) ওই এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী। আটককৃত দীপ্তি অধিকারী (৫০) নিহতের মেয়ে। তার শ্বশুরবাড়ি পাশের মনিরামপুর উপজেলার নাগরঘোপ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন থেকে চার দিন আগে দীপ্তি অধিকারী তার শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছে।

সোমবার রাতে দীপ্তি অধিকারী অস্বাভাবিক আচরণ করছিলেন এবং বাড়ির আঙিনায় ঘোরাফেরা করছিলেন। মঙ্গলবার সকালে তাকে নিতে তার দেবর পবিত্র অধিকারী (৫৬) বাড়িতে এসে দোতলায় গৌরী রানীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একই সময় পাশের বাথরুমে দীপ্তি অধিকারীকে বসে থাকতে দেখা যায়।

এলাকাবাসীর ধারণা, সোমবার গভীর রাতে কোনো একসময় দীপ্তি অধিকারী ঘরে থাকা তরকারি কাটার বটি দিয়ে তার মায়ের মাথা ও কপালে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশে বটির একটি ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটির অংশবিশেষ জব্দ করা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্ত নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *