ঢাকা সংযোগ

রামিসা হত্যাকাণ্ড, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শেয়ার করুন

রামিসা হত্যাকাণ্ড, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: মো.আতিকুর রহমান

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাবি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাসহ দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে “ধর্ষকের কালোহাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”, “আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না!”, “জাস্টিস ফর রামিসা”, “তনু থেকে আছিয়া-রামিসা, এরপর আর কত?”এ ধরনের লেখা দেখা যায়।

এ সময় মন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, রামিসা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতেও নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার বহু ঘটনা ঘটেছে। তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। সরকারের বিভিন্ন উদ্যোগ থাকলেও বাস্তবে অনেকেই নিজেদের নিরাপদ মনে করছেন না। তিনি রামিসাসহ সব ঘটনার সুষ্ঠু বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাজকর্ম বিভাগের শিক্ষক রুমানা আক্তার বলেন, একটি স্বাধীন দেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে অনেক সময়ই জনআগ্রহ কমে যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মুর্শেদা রহমান বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং সমাজের নৈতিক সংকটের প্রতিফলন। ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকেও নারী ও শিশুর প্রতি সহিংসতা গ্রহণযোগ্য নয়। তিনি দ্রুত বিচার ও কঠোর শাস্তির আহ্বান জানান।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *