ঢাকা সংযোগ

সেমিফাইনালের পূর্বে কানসাসে বিদায়ী বার্তা দিলেন মেসি

শেয়ার করুন

এবারের বিশ্বকাপে নিজেদের প্রধান ঘাঁটি কানসাস সিটিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার সেখানে শেষ অনুশীলন সেশনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শহরটিকে আবেগঘন এক বিদায় জানিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

কানসাস সিটির শেষ অনুশীলনের চারটি ছবি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে আর্জেন্টাইন অধিনায়ক লেখেন, ‘কানসাস সিটিতে আমাদের শেষ অনুশীলন! সবকিছুর জন্য ধন্যবাদ।’

প্রায় একইভাবে কৃতজ্ঞতা জানালেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও, ‘ধন্যবাদ কানসাস! আমাদের যাত্রা এখনও অব্যাহত আছে।’

বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিতে গত ৩১ মার্চ কানসাস সিটিতে পা রেখেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দীর্ঘ এই সময়ে এই শহরটিই ছিল আলবিসেলেস্তেদের আপন ঠিকানা। কানসাসের পর্ব চুকিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা এখন প্রস্তুত আটলান্টার সংগ্রামের জন্য। আগামীকাল মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আটলান্টার এই সেমিফাইনালের ফলাফলের ওপরই নির্ভর করছে মেসিদের পরবর্তী গন্তব্য। ইংলিশ বাধা টপকে ফাইনালে পা রাখতে পারলে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য হবে নিউইয়র্কের নিউজার্সিতে। আগামী রোববার (১৯ জুলাই) সেখানে মেগা ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

কোনো কারণে সেমিফাইনালে থ্রি লায়ন্সদের কাছে হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যেতে হবে মায়ামিতে। ২০২৩ সাল থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর এই শহরটিতেই সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকা।

আপাতত মায়ামির বাড়ির বিমান ধরার কোনো ইচ্ছেই নেই মেসির। ম্যারাডোনার সেই ১৯৮৬ সালের ঐতিহাসিক উত্তরাধিকার ধরে রেখে ব্রিটিশদের স্তব্ধ করে নিউইয়র্কের ফাইনালের টিকিট কাটতেই আটলান্টায় পা রাখছেন মেসি-মার্তিনেজরা।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *