
কেশবপুরে বাসচাপায় প্রাণ গেল সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের, রাষ্ট্রীয় সম্মান প্রদান
আলী হামজা | কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে যাত্রীবাহী বাসের চাপায় কেশবপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কেশবপুর শহরের মাইকেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার পাত্রপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কেশবপুর শহরের উদ্দেশ্যে রওনা হন মোহাম্মদ আলী। শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ আলী উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে এবং কেশবপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে। তবে ঘটনার পরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যান।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস বলেন, সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুম মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম এবং কেশবপুর থানার পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।




















আপনার মতামত লিখুন :