ঢাকা মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন | ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন / ১৭
কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মাইকেল গেট এলাকায় দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারের দাবি; নিরাপদ সড়ক নিশ্চিত করতে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা

আলী হামজা | কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর-চুকনগর ভায়া কেশবপুর সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জুলাই) টিফিন বিরতির সময় মাইকেল গেট সংলগ্ন প্রধান সড়কের পাশে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। অংশগ্রহণকারীরা দ্রুত গতিরোধক নির্মাণের মাধ্যমে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. খায়রুল আনাম, মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, নবম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা মালিহা এবং মোছা. সুমাইয়া খাতুন।

বক্তারা বলেন, যশোর-চুকনগর ভায়া কেশবপুর সড়কটি জেলার অন্যতম ব্যস্ততম সড়ক। প্রতিদিন শত শত বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন উচ্চগতিতে চলাচল করে। ফলে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হয়। সাম্প্রতিক সময়ে এ এলাকায় একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে।

শিক্ষার্থীরা বলেন, “আমরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে চাই। কিন্তু বেপরোয়া গতির যানবাহনের কারণে প্রতিদিন আতঙ্ক নিয়ে সড়ক পার হতে হয়। তাই কেশবপুর মাইকেল গেট এলাকায় দ্রুত একটি কার্যকর গতিরোধক নির্মাণ করা প্রয়োজন, যাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আসে এবং দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।”

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারাও শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, মাইকেল গেট এলাকার এই স্থানটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখানে দ্রুত গতিরোধক নির্মাণ করা অত্যন্ত জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗