পোস্তগোলা সেতুতে রাতভর মেরামত কাজ, যান চলাচলে নতুন নির্দেশনা
রাজধানীর গুরুত্বপূর্ণ পোস্তগোলা সেতুতে মেরামত কাজের কারণে নির্দিষ্ট সময়ে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মুন্সিগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ঢাকা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের (এন-৮) ৩য় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১, যা পোস্তগোলা সেতু নামে পরিচিত, সেখানে জরুরি ভিত্তিতে মেরামত কাজ করা হবে।
সড়ক বিভাগ জানিয়েছে, ৩০ আগস্ট ২০২৬ রবিবার থেকে ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ১ মিনিট থেকে ভোর ৬টা পর্যন্ত সেতুটিতে মেরামত কাজ চলবে। একইভাবে ৬ সেপ্টেম্বর রবিবার থেকে ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ১ মিনিট থেকে ভোর ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় মেরামত কাজ চলবে।
মেরামতকাজ চলাকালে সেতুর ওপর দিয়ে সকল ধরনের যানবাহন এক লেনে চলাচল করবে। এ সময়ে সেতু অতিক্রমের সময় চালকদের ধীরগতিতে ও সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।
