ঢাকা সংযোগ

চাঁদা না দেওয়ায় লেগুনার চালককে পিটিয়ে হত্যা

শেয়ার করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার যাত্রাবাড়ী সুফিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত লেগুনাচালক নুরে আলম শরীয়তপুরের শফিপুর সদরের মোয়াল্লেম সরদারের ছেলে। তিনি মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, চাঁদা নিয়ে পূর্ববিরোধের জেরে নুরে আলমকে মারধর করে যাত্রাবাড়ী মোড়ের কয়েকজন চালক। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নিহতের খালাতো ভাই ওমর ফারুক বলেন, ‘হৃদয় নামে এক চালক রোডে গাড়ি চালাতে গেলে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় নুরে আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওর তিন বছরের একটি শিশুসন্তান রয়েছে। তাকে কী বুঝ দেব এখন। জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ডিএমপির যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি নুরে আলমের সঙ্গে অন্য এক লেগুনাচালকের ঝগড়া হয়। সেই শত্রুতার জেরে তাকে মারধর করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ওই ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা করেছে। হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *