ওমর ফারুক, স্টাফ রিপোর্টার: গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।
রোববার বিকেলে রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি মিরপুর-১ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সরকারি বাঙলা কলেজ অতিক্রম করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের বলেন, গণভোট হচ্ছে জনগণের সরাসরি রায়। এই রায়কে উপেক্ষা করা হলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে।
তিনি অভিযোগ করেন, গণভোট নিয়ে টালবাহানা করা গণতন্ত্রবিরোধী কাজ এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এমন গড়িমসি চলতে পারে না।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ গণভোট ও সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার যদি দ্রুত গণভোটের ফলাফল বাস্তবায়ন না করে, তবে রাজপথে আবারও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তারা অবিলম্বে গণভোটের রায় কার্যকর করার দাবি জানান।
হাফেজ আবু তাহেরের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
