ঢাকা সংযোগ

পরীক্ষার চাপের মাঝে একটুখানি স্বস্তি, পাবিপ্রবিতে ছাত্রদলের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ

শেয়ার করুন

আবদুল্লাহ আল মাহমুদ,
পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এই পরীক্ষাকে কেন্দ্র করে দিনভর শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক ও সহায়ক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বিশ্ববিদ্যালয় শাখা।

মূল কেন্দ্রসহ পাবনা শহরের আরও ৫টি উপ-কেন্দ্রজুড়ে তাদের এই উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, ভর্তিচ্ছুদের সুবিধার্থে স্থাপন করা হয় তথ্য সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক), যেখানে শিক্ষার্থীরা সহজেই নিজেদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা পান। পাশাপাশি ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, যাতে অসুস্থ বা দুর্বল শিক্ষার্থীরা তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিতে পারেন।

শুধু তাই নয়, অভিভাবকদের জন্য রাখা হয় বিশ্রামের বিশেষ ব্যবস্থা—যা গরমের দিনে এনে দেয় স্বস্তির নিঃশ্বাস। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় নিরাপদ পানীয় জল, কলম এবং হালকা নাস্তা, যা তাদের পরীক্ষার আগে কিছুটা স্বস্তি দেয়।

এক পরীক্ষার্থী জানান, “পাবনায় প্রথমবার এসে একটু দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে দিকনির্দেশনা ও পানি পেয়ে অনেক উপকার হয়েছে। অভিভাবকদের বসার ব্যবস্থাও সত্যিই প্রশংসনীয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোজাহিদ হোসেন বলেন,
“আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করি। শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকা আমাদের দায়িত্ব। চেষ্টা করেছি প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে।”

উল্লেখ্য, এবারের পরীক্ষায় মোট ১৩,৪৮৫ জন আবেদনকারীর মধ্যে ৭৭.৯৮ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সবার কাছ থেকে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *