জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের এক ব্যক্তি দীর্ঘদিন জুয়ার আসক্তিতে সর্বস্বান্ত হওয়ার পর ব্যতিক্রমী উপায়ে তা ত্যাগের ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি বুধবার মহীপুর সরকারি কলেজের সামনে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে প্রকাশ্যে প্রতিজ্ঞা করেন যে, তিনি আর কখনও জুয়া খেলবেন না। দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন ধরনের জুয়ায় জড়িত থাকার কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এ সময় উপস্থিত লোকজন তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখেন এবং ভবিষ্যতে সৎ পথে চলার জন্য উৎসাহ দেন।
স্থানীয়রা মনে করছেন, এমন ব্যতিক্রমী উদ্যোগ অন্যদের মাঝেও সচেতনতা সৃষ্টি করতে পারে।
