ঢাকা সংযোগ

বালিয়াডাঙ্গীতে জাতীয় নাগরিক পার্টি (NCP) কর্মীসভা অনুষ্ঠিত

শেয়ার করুন

বালিয়াডাঙ্গীতে জাতীয় নাগরিক পার্টি (NCP) কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি প্রশাসক নিয়োগের মাধ্যমে স্বৈরাচারের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, যেসব নেতাকর্মীরা নির্বাচনে হেরে গেছেন, তাদেরই জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্রের কথা বলেছে। অথচ অন্তর্বর্তী সরকারের সময় একটি মাত্র সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে তারা সমালোচনা করেছিল। এখন নিজেরা ক্ষমতায় এসে বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগ দিচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”

তিনি আরও বলেন, “এই প্রশাসকদের মাধ্যমে তারা ক্ষমতা কুক্ষিগত করতে চায় এবং সরকারি সুযোগ-সুবিধা দলীয় লোকদের মধ্যে বণ্টনের চেষ্টা করছে। এটি স্বৈরাচারের দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ।”

গণভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, “দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। বিএনপি যদি সেই গণরায় উপেক্ষা করে, তাহলে এটি তাদের স্বৈরাচারী আচরণের সূচনা বলে আমরা মনে করি।”

তিনি বলেন, “সংবিধান অনুযায়ী জনগণই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন না করে যদি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করা হয়, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না।”

আলোচনা সভায় জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সারজিস আলম রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় দলের কর্মীসভায় যোগ দিতে রওনা দেন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *