মনিরামপুরের রাজগঞ্জে কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
মামুনুর রশিদ খান
মনিরামপুর (যশোর)প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ধান বহনের সময় এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে হানুয়ার-কোমলপুর মাঠে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শ্রমিক মান্নান শেখ (৫০) চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো আজও তিনি ধান বহনের কাজে অংশ নিয়েছিলেন।
স্থানীয় মেম্বার খালেদুর রহমান টিটু জানান, কোমলপুর গ্রামের মহালদার পাড়ার বাসিন্দা সামাদ হোসেন তার জমির পাকা ধান ঘরে তুলতে রাজগঞ্জ বাজার থেকে চারজন শ্রমিক ভাড়া করে আনেন। ভোর থেকেই তারা মাঠে কাজ শুরু করেন এবং তীব্র গরম উপেক্ষা করে একটানা কাজ চালিয়ে যাচ্ছিলেন।
আনুমানিক সকাল ১০টার দিকে জমির মালিক শ্রমিকদের বিশ্রাম ও খাবারের জন্য বিরতির পরামর্শ দেন। তবে শ্রমিকরা আরেক দফা কাজ শেষ করে বিশ্রাম নেবেন বলে জানান এবং পুনরায় কাজে নেমে পড়েন।
এমতাবস্থায় কাজ করতে গিয়ে এক পর্যায়ে ধান বহনের সময় একটি ধানের আটি পথের মাঝখানে থাকা সীমানা খুঁটির সঙ্গে আটকে যায়। এতে ভারসাম্য হারিয়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মান্নান শেখ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত এগিয়ে এলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মীদের ধারণা, প্রচণ্ড তাপদাহ ও দীর্ঘ সময় রোদে কাজ করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের মতে, এটি হিট স্ট্রোকজনিত মৃত্যু হতে পারে।
খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ নিজ গ্রামে নিয়ে যান। পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তীব্র গরমে শ্রমিকদের কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
