ঢাকার দোহার উপজেলায় ডিএন মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় রেনু বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) সকালে এ ঘটনা ঘটে।
নিহত রেনু বেগমের ছেলে মো. সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন, গতকাল রাতে আমার মাকে পিত্তথলির অপারেশনের জন্য ভর্তি করাই। আজ সকালে অপারেশনের সময় ভুল চিকিৎসায় আমার মাকে মেরে ফেলেছে আমি এর বিচার চাই।
খোঁজ নিয়ে জানা যায়, অপারেশনের দায়িত্বে ছিলেন আশরাফুল নামে এক চিকিৎসক রোগী অজ্ঞান করেন আজাদ নামে আরেক চিকিৎসক। এ ঘটনার পর পরই পালিয়েছেন তারাও, তাই তাদের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ক্লিনিক মালিকপক্ষের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।
এ ঘটনায় নিহত রেনু বেগমের পরিবার ক্লিনিকে এসে ভাংচুর শুরু করলে দোহার থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তদন্ত সাপেক্ষে পরবতী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান।
