ঢাকার নবাবগঞ্জের সোনাহাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে শনিবার (২ মে) অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ছাত্রদের ‘প্রথম অ্যালামনাই সম্মেলন-২০২৬’। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় প্রাঙ্গণে পুরোনো সহপাঠী ও অগ্রজ-অনুজদের সাথে মিলিত হওয়ার এই বিশেষ দিনটি স্মৃতিচারণ আর আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হয়।
সকাল থেকেই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। বহু বছর পর একে অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। অনুষ্ঠানের মূল পর্বে বক্তারা মাদ্রাসার স্মৃতি তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষ পর্বে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য মাওলানা মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং মামুনুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী অ্যালামনাই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, “এই অ্যালামনাই এসোসিয়েশন কেবল প্রাক্তন ছাত্রদের মিলনমেলাই নয়, বরং মাদ্রাসার ঐতিহ্য রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
“সাধারণ সম্পাদক মামুনুর রহমান সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত প্রাক্তন ছাত্ররা নতুন কমিটিকে সাধুবাদ জানান এবং সুন্দর এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দিনব্যাপী এই আয়োজনে মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
