আলী হামজা
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের উপজেলায় মাদক সেবনের দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রামচন্দ্রপুর গ্রামের আইয়ুব বাসিয়ার ছেলে সাজু বাসিয়া, মাগুরখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে ওমর আলী গাজী এবং আলতাপোল গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে হাসান আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাঁজা সেবনের অভিযোগে তাদের আটক করে তাৎক্ষণিক আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত আলামত জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
