ঢাকা সংযোগ

দক্ষিণ জয়পাড়ায় চুরির ঘটনায় বরকত আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি

শেয়ার করুন

দক্ষিণ জয়পাড়ায় চুরির ঘটনায় বরকত আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় চুরির ঘটনায় বরকত নামে এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণপিটুনিতে আহত অবস্থায় তাকে পুলিশের মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জয়পাড়ার বাসিন্দা মনির হোসেনের বাড়িতে গতকাল গভীর রাতে চুরির ঘটনা ঘটে। রাত প্রায় তিনটার দিকে বাড়ি থেকে স্বর্ণের চেইন, আংটি, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করা হয়।

ঘটনার পর সকালে বরকত ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় দোহার বাজার এলাকায় এক ব্যক্তি তাকে বাসে উঠতে দেখে সন্দেহ করেন। একই সময় এলাকায় চুরির খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দ্রুত তার পিছু নেন। পরে মাওয়া হাইওয়ে সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় নিয়ে আসার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে তার পা গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে সে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় ৪ থেকে ৫ বছর আগেও বরকত চুরির ঘটনায় এলাকাবাসীর হাতে আটক হয়েছিল। তবে এরপরও সে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানান তারা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ধারাবাহিক চুরির ঘটনায় তারা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং রাতে শান্তিতে ঘুমাতে পারছেন না।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *