ঢাকা সংযোগ

দীর্ঘ ভোগান্তির অবসান, মোতাহার-জহির ছাত্রাবাসের রাস্তার পূর্ণসংস্কার শুরু

শেয়ার করুন

দীর্ঘ ভোগান্তির অবসান, মোতাহার-জহির ছাত্রাবাসের রাস্তার পূর্ণসংস্কার শুরু

সাইমুম ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ড. কাজী মোতাহার হোসেন হল ও জহির রায়হান হল সংলগ্ন সড়কের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে অবশেষে পূর্ণসংস্কার কাজ শুরু হয়েছে। বৃষ্টির পানি জমে থাকা এবং কাদা-পানিতে চলাচলের দুর্ভোগে আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হয়ে আসছিলেন।

বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। হলের সামনে জমে থাকা পানি, পিচ্ছিল কাদা এবং ভাঙাচোরা রাস্তার কারণে শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হতো। অনেক সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হতো, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

এই প্রেক্ষাপটে ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. হাবিবুর রহমান গত ৪ মে ২০২৬ তারিখে স্বশরীরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করেন। পরিদর্শন শেষে তিনি দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কের পূর্ণসংস্কার কাজ শুরু করার নির্দেশ প্রদান করেন।

অধ্যক্ষের নির্দেশনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা, ভাঙা অংশ মেরামত এবং রাস্তার কাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক আবাসিক শিক্ষার্থী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যার মধ্যে ছিলাম। বিশেষ করে বৃষ্টির সময় চলাচল করা খুবই কষ্টকর হয়ে যেত। এখন কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী, দ্রুত সমাধান পাবো।”

আরেক শিক্ষার্থী জানান, “এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। প্রশাসন আমাদের সমস্যার গুরুত্ব বুঝে দ্রুত ব্যবস্থা নিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। তবে আমরা চাই কাজটি দ্রুত এবং টেকসইভাবে সম্পন্ন হোক।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এই সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন সমস্যা যাতে আর সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সব মিলিয়ে, মোতাহার ও জহির হল সংলগ্ন সড়কের এই সংস্কার কাজ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *