ঢাকা সংযোগ

সুনামগঞ্জে এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা

শেয়ার করুন

সুনামগঞ্জে এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি:

এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ (১৬ জুলাই, ২০২৬) সুনামগঞ্জ জেলার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক আদনান ফুয়াদ নাবিল এক ফেসবুক পোস্টের মাধ্যমে আন্দোলনের সমাপ্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

নাবিল জানান, শিক্ষার্থীদের মূল আন্দোলনটি ছিল মূলত ৫টি সুনির্দিষ্ট দাবি নিয়ে। এর মধ্যে প্রধান ৩টি দাবি ছিল— পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া, বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ এবং পূর্বে দেওয়া কিছু ‘অসুন্দর’ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, এই তিনটি মূল দাবি মেনে নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রীর পূর্বের সিদ্ধান্তে কিছু অসংগতি থাকলেও এটি একক কোনো ত্রুটি ছিল না এবং এ বিষয়ে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদান করায় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুক পোস্টে নাবিল সতর্কবার্তা দিয়ে বলেন, এই আন্দোলনে কোনো কেন্দ্রীয় একক নেতৃত্ব না থাকার সুযোগ নিয়ে কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী ফায়দা লুটতে চেয়েছিল। তিনি স্পষ্ট করেন, “অটো পাস, সহজ প্রশ্ন কিংবা সরকার পতনের মতো দাবিগুলো কখনোই সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি ছিল না।” আন্দোলনের সুযোগ নিয়ে ‘পতিত লীগ’ এবং স্বার্থান্বেষী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছে বলেও তিনি অভিযোগ করেন।

শিক্ষার্থীরা জানান, দেশের সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক এমন কোনো পরিস্থিতি তারা চান না। তাই শিক্ষামন্ত্রীর ওপর কিছুটা ক্ষোভ থাকলেও বর্তমান সরকারের ওপর পূর্ণ আস্থা রেখে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের সাথে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না— এই প্রত্যাশায় তারা মাঠের আন্দোলন থেকে সরে আসছেন। একই সাথে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সহযোগিতার জন্য দেশের আপামর জনসাধারণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *