
কেশবপুরে বুড়িহাটী জামায়াতে ইসলামীর উদ্যোগে তরুণদের মাঝে ফুটবল বিতরণ, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়
আলী হামজা | কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বুড়িহাটী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইলিয়াসুর রহমান। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, বরং তরুণদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম।
অনুষ্ঠানে জানানো হয়, সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর পক্ষ থেকে ইউনিয়নজুড়ে চলমান ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় বুড়িহাটী এলাকার তরুণদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। ফুটবল পেয়ে স্থানীয় তরুণরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা খবির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আনিছুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু কালাম, হাফেজ শফিকুল ইসলাম, যুব বিভাগের সদস্য আবু রাসেলসহ এলাকার ক্রীড়াবিদ, তরুণ সমাজ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদকাসক্তি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন ক্রীড়াবান্ধব কর্মসূচি অব্যাহত থাকলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি মাদক ও অপরাধপ্রবণতা হ্রাস পেয়ে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।




















আপনার মতামত লিখুন :