কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে আটক করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে তাদের ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক।
আটকরা হলেন গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।
স্থানীয়দের অভিযোগ, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকার নোটের দুটি বান্ডিল জব্দ করা হয় বলে দাবি করা হয়। পরে তাদের স্থানীয় জামায়াত কার্যালয়ে নেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এএসআই মোজাম্মেল হক জানান, সেখানে গিয়ে দেখা যায় স্থানীয়ভাবে বিষয়টি সমাধান হয়েছে। পরে জব্দকৃত টাকাসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন অভিযোগ করে বলেন, নির্বাচন চলাকালে প্রকাশ্যে টাকা বিতরণ বিধিবহির্ভূত। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লায় টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক
