তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা প্রতীকের তিন প্রার্থীই এক-অষ্টমাংশ ভোটের শর্ত পূরণ করতে না পারায় জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
নির্বাচন বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে তিন আসনেই হাতপাখা প্রতীকের প্রার্থীরা নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হন।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান খান পেয়েছেন ৯ হাজার ৩৯ ভোট। মোট প্রদত্ত ভোটের তুলনায় এটি এক-অষ্টমাংশের কম হওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী–লৌহজং) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী কে এম বিল্লাল পেয়েছেন ১৩ হাজার ৩৮৭ ভোট। তিনিও প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় জামানত হারান।
মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সুমন দেওয়ান পেয়েছেন ৬ হাজার ৩৯২ ভোট। নির্ধারিত সীমার নিচে ভোট পাওয়ায় এই আসনেও হাতপাখা প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
তিনটি আসন মিলিয়ে হাতপাখা প্রতীকের কোনো প্রার্থীই জামানত রক্ষা করতে পারেননি, যা দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
