ঈদ সামনে রেখে নবাবগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীকে হুমকির অভিযোগ
ঢাকার দোহার-নবাবগঞ্জ সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, “নবকলি” পরিবহনের ঢাকা মেট্রো ব ১৫-৯০৪৪ নম্বর বাসে নির্ধারিত টিকিট ছাড়াই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, যাত্রীরা ভাড়ার বিষয়ে জানতে চাইলে বাসের স্টাফদের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণ ও এমনকি প্রাণনাশের হুমকিও পেতে হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা নতুন নয়। তবে টিকিট বিহীনভাবে ভাড়া আদায় এবং প্রতিবাদ করলেই হুমকি দেওয়ার ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এতে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বস্তি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
