মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন।
রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. তোজাম্মেল হোসেনের নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, সে পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন দীর্ঘদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনায় নিযুক্ত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) ইবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং জুলাই আন্দোলনে সম্মুখসারিতে ছিলেন।উল্লেখ্য, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রাপথে এটি তৃতীয় উপাচার্য নিয়োগ।
