ঢাকা সংযোগ

যশোরের কেশবপুরে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

কেশবপুরে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠাতা, জমিদাতা, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। কমিটি গঠনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে মঙ্গলবার সকালে মাদ্রাসা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম প্রতিষ্ঠাতা সদস্য, জমিদাতা ও অভিভাবকদের না জানিয়ে গোপনে একটি গভর্নিং কমিটি গঠন করেছেন। এ কমিটিকে তারা ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিল এবং অধ্যক্ষের অপসারণ দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার নতুন গভর্নিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিতে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে অধ্যক্ষ নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে গভর্নিং কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

এর আগে গত ২৮ জুন মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা সদস্য ও জমিদাতাদের সঙ্গে অধ্যক্ষপন্থী লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্থানীয় সাবেক চেয়ারম্যান রাহাজউদ্দিন, জমিদাতা আব্দুল হামিদ, অভিভাবক আশুয়া খাতুন, রিমা খাতুন, কবিরুল ইসলামসহ আরও অনেকে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান রাহাজউদ্দিন বলেন, “যে মাদ্রাসা প্রতিষ্ঠায় আমরা শ্রম ও ত্যাগ স্বীকার করেছি, সেখানে আমাদের অন্ধকারে রেখে গোপনে কমিটি গঠন করা হয়েছে। আমরা এ কমিটি প্রত্যাখ্যান করছি এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

জমিদাতা আব্দুল হামিদ বলেন, “দ্বীনি শিক্ষার প্রসারে আমরা জমি দান করেছি। কিন্তু আমাদের সম্পৃক্ত না করে কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

অভিভাবকদের পক্ষে আশুয়া খাতুন বলেন, “মাদ্রাসাটি যেন স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়, সেটিই আমাদের প্রত্যাশা। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”

তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, “নিয়ম অনুযায়ীই কমিটি গঠন করা হয়েছে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”

এদিকে, মানববন্ধনকে কেন্দ্র করে মাদ্রাসা ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *