
কেশবপুরে দেশীয় মাছ রক্ষায় অভিযান, ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
আলী হামজা | কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে দেশীয় মাছ ও জলজ প্রাণী সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহারের ফলে দেশীয় মাছ, মাছের পোনা এবং অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এমন তথ্যের ভিত্তিতে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ি ইউনিয়নের কপোতাক্ষ নদ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের খবর স্থানীয় ইউনিয়ন আনসার দলনেতাদের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে পৌঁছায়।
অভিযান চলাকালে বিলের পানি থেকে আনুমানিক ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় উদ্ধারকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী, পুলিশ সদস্য, আনসার সদস্য এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




















আপনার মতামত লিখুন :