ঢাকা সংযোগ

কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বপ্নের ‘সরলা স্মৃতি গ্রন্থাগার’ — জ্ঞানচর্চা ও মানবসেবার অনন্য বাতিঘর

শেয়ার করুন

আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী বুড়িহাটী গ্রামে ২০০১ সালে প্রতিষ্ঠিত ‘সরলা স্মৃতি গ্রন্থাগার’ আজও জ্ঞানচর্চা, পাঠাভ্যাস গঠন ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হয়ে টিকে আছে। প্রয়াত ডা. সুকুমার রায়ের স্বপ্ন ও উদ্যোগে গড়ে ওঠা এ পাঠাগারটি দীর্ঘদিন ধরে বইপ্রেমী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিত।

বর্তমানে গ্রন্থাগারটিতে নিয়মিতভাবে জাতীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকা, সাময়িকী ও বিভিন্ন ধরনের বই পড়তে আসেন বিভিন্ন বয়সী পাঠক। আধুনিক প্রযুক্তিনির্ভর যুগেও গ্রামীণ পরিবেশে এমন একটি পাঠাগারের অস্তিত্ব এলাকাবাসীর কাছে আশার আলো হয়ে আছে।

ডা. সুকুমার রায়ের মৃত্যুর পর তাঁর স্মৃতিকে ধারণ করে পাঠাগারটি পরিচালনা করে আসছেন তাঁর সহধর্মিণী রীতা ব্রহ্ম (সহকারী অধ্যাপক)। তিনি শুধু পাঠাগার পরিচালনাই নয়, শিক্ষা বিস্তার ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমেও এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

ঐতিহ্যবাহী বুড়িহাটী গ্রামে মানবসেবার অনন্য উদ্যোগ — স্বল্প খরচে চিকিৎসা সেবাডা. সুকুমার রায়ের স্মরণে প্রতি রবিবার নিয়মিতভাবে মাত্র ১০০ টাকা পরামর্শ ফিতে চিকিৎসাসেবা কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ সেবায় চিকিৎসা প্রদান করেন ডা. জি. এম. মাহমুদুল হাসান। অল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ায় নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ উপকৃত হচ্ছেন।

স্থানীয়দের মতে, এই স্বল্পমূল্যের চিকিৎসাসেবা গ্রামীণ মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত এ সেবা নিতে দূর-দূরান্ত থেকেও রোগীরা এখানে আসেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “বর্তমান সময়ে গ্রামের মধ্যে এমন পাঠাগার খুব কমই দেখা যায়। এখানে মানুষ বই পড়তে আসে, আবার স্বল্প খরচে চিকিৎসাসেবাও পাচ্ছে—এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

আরেক পাঠক শফিকুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই এই গ্রন্থাগারে আসি। এখনো এখানে পত্রিকা ও বই পড়ার সুন্দর পরিবেশ রয়েছে। নতুন প্রজন্মের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান।”

চিকিৎসাসেবা নিতে আসা এক নারী বলেন, “মাত্র ১০০ টাকায় ভালো চিকিৎসাসেবা পাওয়া গ্রামের মানুষের জন্য বড় সহায়তা। আমরা নিয়মিত এখানে চিকিৎসা নিতে আসি।”

স্থানীয়দের মতে, পাঠাগার, শিক্ষা ও স্বল্পমূল্যের চিকিৎসাসেবা—একই ছাদের নিচে এমন মানবিক উদ্যোগ কেশবপুরে সত্যিই বিরল। ডা. সুকুমার রায়ের প্রতিষ্ঠিত ‘সরলা স্মৃতি গ্রন্থাগার’ আজও মানবতা, শিক্ষা ও জ্ঞানচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *