চৌগাছায় নবনির্বাচিত এমপি ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা।
চৌগাছায় নবনির্বাচিত এমপি ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা জানাতে জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চৌগাছা কামিল মাদরাসা মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনার মাধ্যমে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেওয়া হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন এবং সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করতে চাই। এসব বাস্তবায়নের পূর্বশর্ত হলো দুর্নীতি দমন। যে সকল এলাকায় উন্নয়ন প্রকল্প দেওয়া হবে, সেসব প্রকল্পের সঠিক হিসাব নিকাশ নিশ্চিত করতে হবে। হিসাব নিকাশে গড়মিল পাওয়া গেলে ভবিষ্যতে সেখানে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা পুনর্বিবেচনা করবো। আপনারা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে যে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি একটি কথা জোর দিয়ে বলেন, আমার দলের কেউ বা অন্য যে কেউ যদি কারও ওপর অন্যায় অত্যাচার করে, আমি মজলুমের পক্ষে থাকবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মঞ্চে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কর্ম পরিষদ সদস্যবৃন্দ, পৌর আমির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।
