লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় তিনটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয় কৃষক, মৎস্যজীবী ও সাধারণ জনগণের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৬ এপ্রিল) উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন এবং ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের বিপি-৮, বিপি-১৭ ও পি-২ খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার। তিনি স্থানীয় সংসদ সদস্য জনাব মো. আবুল খায়ের ভূঁইয়া এমপির পক্ষে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের ‘মাননীয় প্রধানমন্ত্রীর নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’র আওতায় এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের মাধ্যমে রায়পুর উপজেলার এই তিনটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হতো। ফলে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল উৎপাদনে ক্ষতি হতো। এছাড়া অনেক এলাকায় মাছ চাষেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। খাল পুনঃখনন শেষ হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে এবং মৎস্য উৎপাদনও বৃদ্ধি পাবে।
উদ্বোধনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের আশা, খাল পুনঃখনন কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে রায়পুরের উত্তর চরবংশী ও চরমোহনা ইউনিয়নের হাজারো মানুষ সরাসরি এর সুফল ভোগ করবেন।
তকিনুল ইসলাম
প্রতিনিধি লক্ষ্মীপুর জেলা
