ঢাকা সংযোগ

গাইবান্ধায় বজ্রপাতে চাচা-ভাতিজাসহ ৫ জনের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা

​গাইবান্ধার পৃথক তিন উপজেলায় বজ্রপাতের তাণ্ডবে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় একই পরিবারের চাচা-ভাতিজাও রয়েছেন।

​সুন্দরগঞ্জে আশ্রয়কেন্দ্রে প্রাণহানি
সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বৃষ্টির হাত থেকে বাঁচতে বাড়ির পাশের একটি টিনের ছাপড়া ঘরে আশ্রয় নিয়েছিলেন চারজন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুয়াদ হাসানের (৩৫)। গুরুতর আহত অবস্থায় রাফি চৌধুরী (৮), মিজানুর রহমান (১৮) ও শামীমকে (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফি ও মিজানের মৃত্যু হয়। নিহত রাফি ও মিজান সম্পর্কে চাচা-ভাতিজা। আহত শামীম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​সাঘাটা ও ফুলছড়িতে আরও দুই মৃত্যু
এদিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বিকেলে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন মোহাম্মদ নাব্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​অন্যদিকে, ফুলছড়ি উপজেলার যমুনা নদীর দুর্গম দেলুয়ার চরে ঘোড়ার গাড়িতে করে ভুট্টা নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে মানিক মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া একই উপজেলার ফজলুপুর ইউনিয়নের বুলবুলির চরে আলী আকবর (৭০) নামে এক ব্যক্তি গরু চড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​একই দিনে পৃথক স্থানে এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *