ঢাকা সংযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এসএসসি পরীক্ষার খাতার তিনটি বান্ডিল। পরে সেগুলো শিবপুর মডেল থানায় জমা দেওয়া হয়।

শেয়ার করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এসএসসি পরীক্ষার খাতার তিনটি বান্ডিল। পরে সেগুলো শিবপুর মডেল থানায় জমা দেওয়া হয়।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) সকালে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে খাতার তিনটি বান্ডিল পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম। তিনি খাতাগুলো বাড়িতে নিয়ে যান। পরদিন সোমবার পাশের এক ব্যক্তিকে দেখালে নিশ্চিত হওয়া যায়, এগুলো এসএসসি পরীক্ষার খাতা। পরে থানার সঙ্গে যোগাযোগ করে রাহিম খাতাগুলো জমা দেন।

রাহিম বলেন, “বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বান্ডিলগুলো দেখতে পাই। বাসায় এনে প্রতিবেশীকে দেখালে বুঝতে পারি এগুলো পরীক্ষার খাতা। পরে তার পরামর্শে থানায় জমা দেই।”

এসআই মাসুদুর রহমান জানান, খাতাগুলো থানায় জমা দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়। পরবর্তীতে ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়। সিলগালা করা তিনটি প্যাকেটে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি খাতা ছিল।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, ডাক বিভাগের পরিবহনের সময় ডাকপিয়নের গাড়ি থেকে খাতাগুলো রাস্তায় পড়ে যায়। তবে খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল এবং সেগুলো পুনরায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *