তা’মীরুল মিল্লাত টঙ্গীতে ছাত্রশিবিরের উদ্যোগে ঐতিহাসিক ‘বালাকোট দিবস’ উপলক্ষে সিম্পোজিয়াম অনুষ্ঠিত
প্রতিবেদক : মাহমুদুল হাসান
ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টঙ্গী মডেল শাখার উদ্যোগে “বালাকোটের আত্মত্যাগ: ইতিহাস, শিক্ষা ও আজকের প্রেক্ষাপট” শীর্ষক এক বিশেষ সিম্পোজিয়াম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ মে বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় আয়োজিত এই সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “১৮৩১ সালের ৬ মে বালাকোটের ময়দানে সাইয়্যেদ আহমদ শহীদ (রহ.) ও শাহ ইসমাইল শহীদ (রহ.) যে রক্ত দিয়েছিলেন, তা বৃথা যায়নি। বালাকোট কোনো পরাজয়ের নাম নয়, বরং তা ছিল বাতিলের বিরুদ্ধে হকের আপসহীন সংগ্রামের এক নব জাগরণ। আজকের ছাত্রসমাজকে সেই রক্তভেজা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও ইসলামের অতন্দ্র প্রহরী হিসেবে গড়ে উঠতে হবে।”
প্রধান আলোচক মুশফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “বালাকোটের চেতনা আমাদের শিখিয়েছে কীভাবে প্রতিকূল পরিবেশেও সত্যের পথে অটল থাকতে হয়। বর্তমান সময়ের সাংস্কৃতিক ও আদর্শিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে জ্ঞান ও নৈতিকতায় বলীয়ান হতে হবে।”
সিম্পোজিয়ামে বক্তারা বালাকোট যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে মঈনুল ইসলাম শাখার পক্ষ থেকে আগত অতিথিবৃন্দ ও সুধী সমাজকে ধন্যবাদ জানান এবং এই চেতনাকে প্রতিটি ছাত্রের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শাখা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের প্রায় দেড় শতাদিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বালাকোটের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
