আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ মাইশা মারজান পূর্ণতার অকাল মৃত্যুর ঘটনায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মাইশা মারজান পূর্ণতা কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন। তিনি বাগদহা-মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুর্শিদা খাতুনের কন্যা। তার বাবা মোঃ মহাসিন একজন ব্যাংক কর্মকর্তা।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) রাতের কোনো এক সময় অভিমান করে নিজ ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দেয় পূর্ণতা। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পূর্ণতা শুধু একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, তিনি ছিলেন সংগীত, আবৃত্তি, উপস্থাপনা ও চিত্রশিল্পে অত্যন্ত দক্ষ। কেশবপুরের সাংস্কৃতিক অঙ্গনে তার পদচারণা ছিল সর্বত্র। যশোর, খুলনা ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অসংখ্য পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা অর্জন করেন।
শিক্ষাজীবনেও ছিল তার অসাধারণ সাফল্য। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করে তিনি কেশবপুরের গর্বে পরিণত হয়েছিলেন। শিক্ষক ও সহপাঠীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, মিশুক ও হাসিখুশি স্বভাবের একজন শিক্ষার্থী।
পূর্ণতার গ্রামের বাড়ি কেশবপুর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের দেউলী গ্রামে। বর্তমানে পরিবারসহ তিনি কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া পশুহাট সংলগ্ন এলাকায় বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগের দিনও পূর্ণতা স্বাভাবিকভাবে বিদ্যালয় ও প্রাইভেটে গিয়েছিলেন। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক।
স্থানীয়রা জানান, পূর্ণতা শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার গর্ব ছিল। তার ঘরে সাজানো অসংখ্য ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার আজও যেন একটি স্বপ্নবাজ মেয়ের অসমাপ্ত স্বপ্নের কথা স্মরণ করিয়ে দেয়।
কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ যেন মাইশা মারজান পূর্ণতাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।
